লাকসামে বাল্যবিয়ের খবর শুনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম নিজেই সেখানে ছুটে গিয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করেছেন। ১ মে (শুক্রবার) লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। সেখানে গিয়ে তিনি বাল্যবিয়েটি বন্ধ করে দেন।এ সময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেয়ের পরিবারের সদস্য এবং বাল্যবিয়ের শিকার ওই মেয়ের সঙ্গেও কথা বলেন। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে এমপি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তাই আজকের এ বাল্যবিয়ে বন্ধসহ লাকসাম-মনোহরগঞ্জের সকলকে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কোনোভাবেই বাল্যবিয়ে বরদাস্ত করা হবেনা এবং এধরনের ঘটনা ঘটলে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট প্রশাসনকে।