প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
ট্রেন নেই, রেললাইনে চলছে পণ্যবাহী ট্রলি!া
লাকসাম প্রতিনিধি ||
ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক রেলস্টেশন বন্ধ থাকায় অনেকটা মৃতপ্রায় হয়ে পড়েছে ৫০ কিলোমিটার দীর্ঘ লাকসাম-নোয়াখালী রেলপথ। ট্রেন চলাচল সীমিত হয়ে পড়ায় একসময় রেললাইনে স্থানীয়দের লাকড়ি ও কাঁথা শুকাতে দেখা যেত। এবার রেলপথে বেয়ারিং চাকা লাগানো বিশেষ ট্রলি তৈরি করে চলছে অবাধে পণ্য পরিবহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর তদারকি নেই বলে অভিযোগ উঠেছে।সরেজমিনে দেখা গেছে, বেয়ারিং চাকা সংযুক্ত বিশেষ ট্রলিতে মাছ ও মুরগির খাদ্য, খড়, ডিমসহ বিভিন্ন ভারী মালামাল পরিবহন করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ কাজে প্রায় ৮ থেকে ১০ জন জড়িত বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণভাবে রেললাইনে ট্রলি চালানোর বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কথা বলতে রাজি হননি। অন্যদিকে, লাকসাম উপজেলার তপইয়া এলাকায় রেললাইনের ওপর কাঁথা ও লাকড়ি শুকাতে দেখা গেছে।রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রুটে একসময় দুই জোড়া ডেমু কমিউটার, দুই জোড়া লোকাল ট্রেন এবং দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করত। বর্তমানে এ রুটে কেবল আন্তনগর ‘উপকূল এক্সপ্রেস’চালু রয়েছে। সপ্তাহে তিন দিন একটি লোকাল ট্রেন চললেও ইঞ্জিন সংকটের কারণে প্রায়ই এর যাত্রা বাতিল হয়।এদিকে, জনবল ও স্টেশন মাস্টারের সংকটে এ রুটের দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা ও মাইজদী রেলস্টেশন বন্ধ হয়ে গেছে। ফলে রেলপথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, প্রায় দেড় দশক ধরে বন্ধ থাকা স্টেশনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্ল্যাটফর্মে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল স্তূপ করে রেখেছেন। কোথাও বাঁধা রয়েছে গরু-ছাগল। প্ল্যাটফর্মের এক পাশে চলছে জুয়ার আসর। স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। রেলওয়ে থেকে ভাড়া নেওয়া প্ল্যাটফর্মের দুটি দোকানও ট্রেন না থাকায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে।খিলা বাজারের ক্রেতা মোহাম্মদ উল্লাহ আক্ষেপ করে বলেন, ‘একসময় এই স্টেশনটি বেশ জমজমাট ছিল। এখন ট্রেন কমে গেছে, স্টেশনও বন্ধ। ফলে যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’স্থানীয় যাত্রী আবদুর রহিম বলেন, ‘আগে এই রুটে নিয়মিত চার-পাঁচটি ট্রেন চলত। এখন ট্রেন কমে যাওয়ায় সাধারণ মানুষ সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’তিনি দ্রুত এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান। এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার একাধিক সূত্র জানায়, মূলত ইঞ্জিন সংকটের কারণে ট্রেনের সংখ্যাকমানো হয়েছে। পাশাপাশি স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবলের অভাবে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।রেললাইনে অবৈধ যান চলাচলের বিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘রেললাইনে অন্য কোনো পরিবহন চালানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত