প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সুরক্ষা সিটিতে বিনিয়োগকারীদের দুই পক্ষের দ্বন্দ্ব চরমে: তালা ভেঙে কার্যালয় দখল এক পক্ষের, নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রাা
নিজস্ব প্রতিবেদক ||
সুরক্ষা সিটিতে বিনিয়োগকারীদের দুই পক্ষের মধ্যকার বিরোধ এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও টানাপোড়েনের জেরে প্রতিষ্ঠানটির কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে বিনিয়োগকারীদের একটি পক্ষ। শনিবার প্রতিষ্ঠানের সপ্তম তলায় অবস্থিত আসাদুজ্জামান ভুট্টোর ব্যক্তিগত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ওই পক্ষের বিনিয়োগকারী ও তাদের গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দ। এর মধ্য দিয়ে তারা নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।প্রত্যক্ষদর্শী ও ঘটনার লাইভ ফুটেজ সূত্রে জানা যায়, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটি ভিডিও ধারণের মাধ্যমে কক্ষের তালা ভাঙা হয়।তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করা পক্ষের নেতৃবৃন্দ অভিযোগ করেন, অপর পক্ষের দায়িত্বপ্রাপ্তদের সাথে দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে আলোচনা ও সমঝোতার বারবার চেষ্টা চালানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সমঝোতার উদ্যোগ নেওয়ার পরিবর্তে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়। এমতাবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের অধিকার ও প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার্থে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বসম্মত সিদ্ধান্তে এই কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।কার্যালয়ে প্রবেশের পর ক্ষুব্ধ বিনিয়োগকারীরা অপর পক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ তোলেন। তারা দাবি করেন, সুরক্ষা সিটিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেও বছরের পর বছর কোনো লভ্যাংশ মেলেনি। এছাড়া হাসপাতালের যন্ত্রপাতি ও মেশিনারিজ ক্রয়ের নামে বহু বিনিয়োগকারীর কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।নবগঠিত কমিটির নেতারা ঘোষণা দিয়েছেন, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মকে আর ছাড় দেওয়া হবে না। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী করণীয় ও সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী সোমবার বিকেলে এক জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে।নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ বিনিয়োগকারীরা কারো অনুগ্রহপ্রার্থী নন; নিজেদের রক্ত-ঘামে অর্জিত বিনিয়োগের ন্যায্য হিস্যা ও প্রতিষ্ঠানের সার্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অবস্থান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত