প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
বিশ্ব গুম দিবসে লাকসামের সেই দুই বিএনপি নেতার অপেক্ষায় পরিবারা
লাকসাম প্রতিনিধি ||
আজ ৩০ আগস্ট, বিশ্ব গুম দিবস। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের স্বজনদের দীর্ঘ অপেক্ষা ও কষ্টের কথা সামনে আসে এই দিনে। দেশের বিভিন্ন স্থানের মতো কুমিল্লার লাকসামেও গুমের শিকার দুই বিএনপি নেতার পরিবার আজও প্রিয়জনের ফেরার অপেক্ষায়।২০১৩ সালের ২৭ নভেম্বর লাকসাম পৌরসভা বিএনপির তৎকালীন সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাইফুল ইসলাম হিরু গুম হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দেখতে দেখতে প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা এখনো জানতে পারেননি তাদের প্রিয়জনরা কোথায় আছেন, কী অবস্থায় আছেন। বছরের পর বছর অপেক্ষা করেও কোনো নিশ্চিত খবর না পাওয়ায় স্বজনদের মধ্যে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা।হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল বলেন, “বাবা ছাড়া পৃথিবীটা কেমন, সেটা যাদের বাবা নেই তারাই বোঝেন। কিন্তু যাদের বাবা মারা গেছেন, তারা অন্তত বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারেন। আমার সেই সুযোগটুকুও নেই।”তিনি আরও বলেন, বাবার জীবিত থাকা বা না থাকার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না থাকায় তাদের পরিবার আজও অপেক্ষা করছে। প্রিয়জনের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কেটে যাচ্ছে একের পর এক বছর।স্বজনদের কাছে ৩০ আগস্ট শুধু একটি আন্তর্জাতিক দিবস নয়; দিনটি তাদের দীর্ঘ অপেক্ষা, বেদনা ও প্রিয়জনকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে আরও স্মরণ করিয়ে দেয়।গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা স্বজনদের বিষয়ে সঠিক তথ্য উদঘাটন করে তাদের অবস্থান নিশ্চিত করা হোক। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।প্রায় ১৩ বছর ধরে হুমায়ুন কবির পারভেজ ও সাইফুল ইসলাম হিরুর পরিবার যে অপেক্ষা করছে, তার শেষ কোথায়—এই প্রশ্নের উত্তর আজও অজানা। বিশ্ব গুম দিবসে তাই লাকসামের এই দুই পরিবারের একটাই প্রত্যাশা—প্রিয়জনদের সন্ধান মিলুক, অপেক্ষার অবসান হোক।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত