প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬
চৌদ্দগ্রামে ফেসবুক পোস্ট ঘিরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, প্রাণনাশের হুমকিা
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একটি পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। পরিবারের দাবি, হামলায় তারা শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।জিডিতে উল্লেখ করা হয়, হাবিবুর রহমানের ছেলে মো: খালেদ হোসেন রাজু বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে উগ্রবাদবিরোধী বক্তব্য, কয়েকজন ইসলামিক স্কলার এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু—বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল প্রসঙ্গে সমালোচনামূলক পোস্ট করে আসছিলেন। এসব পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।পরিবারের দাবি, কিছু ব্যক্তি তাকে “ইসলামবিদ্বেষী”, “নাস্তিক” এবং “ইহুদিদের দালাল” আখ্যা দিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। বিভিন্ন গ্রুপ ও পোস্টে তাকে বাংলাদেশে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেও প্রচারণা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।জিডি সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ২০২৩ রাত আনুমানিক ৯টার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল “তৌহিদী জনতা” নাম ব্যবহার করে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর করে, মালামাল তছনছ ও লুটপাট চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং হাবিবুর রহমান গুরুতর আহত হন বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের ভাষ্য, হামলাকারীরা হুমকি দিয়ে বলে—মো: খালেদ হোসেন রাজু সামাজিক যোগাযোগমাধ্যমে এসব লেখা বন্ধ না করলে তাকে এবং পরিবারের সদস্যদের হত্যা করা হবে। হামলার পর হাবিবুর রহমান চিকিৎসা নিয়েছেন এবং পরিবারটি বর্তমানে পুনরায় হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে।প্রসঙ্গত, এর আগেও মো: খালেদ হোসেন রাজুর বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় বক্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত