প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
নাঙ্গলকোটে সুষ্ঠু পরিবেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিয়েছে ৩,৯০০ শিক্ষার্থীা
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনেই মোট ৩,৯০০ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়ার দেওয়া তথ্যমতে, এ বছর এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২,৩৪৮ জন, দাখিল পরীক্ষার্থী ১,৩১২ জন এবং কারিগরি শাখায় ২৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত। তবে প্রথম দিনেই কিছু সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। এসএসসি থেকে ৬০ জন, দাখিল থেকে ৬১ জন এবং কারিগরি শাখা থেকে ১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সব মিলিয়ে মোট অনুপস্থিতির সংখ্যা ১৩৩ জন। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলায় এসএসসি পর্যায়ে ১১টি কেন্দ্র, দাখিলের জন্য ৪টি এবং কারিগরি শাখার জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের ঘটনা না ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রতিটি কেন্দ্র নিবিড়ভাবে মনিটরিং করছি, যাতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি জোড্ডা বাজার পাবলিক স্কুল ও নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে ইউএনও মোঃ আবু রায়হান বলেন, সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ধরনের সমস্যা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছি, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।অপরদিকে, পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা আশা করছেন, আগামী দিনগুলোতেও একইভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত