প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াতের অফিস, দোকান ও মাদরাসার বাসে আগুন, পাল্টাপাল্টি হামলা, আহত ৫া
নিজস্ব প্রতিবেদক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের তিনটি অফিস, একটি দোকান ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ দাবি করছে, বিএনপির কর্মীরাই রাতের আঁধারে আগুন লাগিয়েছে। অপরদিকে উপজেলার শুভপুরে স্হানীয় বিএনপির একটি অফিস জামায়াত কর্মীরা ভাংচুর করেছে মর্মে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শেয়ারকৃত ছবিতে অফিসে লাগানো একটি ব্যানার খোলা ও চেয়ারগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে। সোমবার সরেজমিন পরিদর্শন করে এমন চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, চৌদ্দগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে রোববার রাত ও সোমবার ভোররাতে বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার ছাত্র-ছাত্রীদের বহনকারী বাসে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা। এছাড়াও শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়, ধনিজকরা বাজার ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের নির্বাচনী অফিস পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের দেয়া আগুনে গাছবাড়িয়ায় নাছির উদ্দিনের একমাত্র উপার্জনের মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে। এতে তার সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ধনিজকরায় বিএনপির কর্মী ফারুকের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। স্হানীয় বিএনপির দাবী, জামায়াত কর্মীরা এ হামলার সাথে জড়িত। এনিয়ে উত্তেজনায় সোমবার দুপুরে ধনিজকরা বাজারে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় জামায়াত কর্মী তাসকিন গুরুতর আহত হয়েছে। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল ও ছাত্রদল নেতা শাহাদাত হোসেনও আহত হয়েছে বলে বিএনপির দাবী।অপরদিকে ধনিজকরা বাজারের ঘটনার জের ধরে বিকেলে পার্শ্ববর্তী মুন্সিরহাট বাজারে বিএনপি ও জামায়াত সমর্থকদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা হারুনুর রশিদ ভুঁইয়া ও শাহীন কাদের গুরুতর আহত হয়ে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় বিক্ষুব্ধ জামায়াত কর্মীরা বিএনপির হামলাকারীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।অন্যদিকে বাসে আগুন দেয়ার প্রতিবাদ ও দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে নানকরা আয়েশা ছিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী। তারা শিগগিরই দূর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান। আগুনে ক্ষতিগ্রস্ত গাছবাড়িয়ার মুদি দোকানী মোঃ নাছির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুখোশপড়া তিনজন মোটর সাইকেল যোগে রাত ২টার দিকে জামায়াত অফিসের তালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে জামায়াত অফিস ও পাশেই আমার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি। ধনিজকরায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শাহাদাত হোসেন গোলাপ বলেন, বিএনপির কর্মীদের আগুনে আমার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিকাপুর ইউনিয়নের সমেশপুরের এক বাসিন্দা বলেন, দুই ছাত্রদল কর্মী জামায়াত অফিসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো অফিস ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধনিজকরায় তাদের নির্বাচনী অফিস ভাংচুর হয়েছে বলে প্রচার করলেও বাস্তবে তার সত্যতা পাওয়া যায়নি। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করতে পাঁয়তারা করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে তারা তিনটি নির্বাচনী অফিস আগুনে জ্বালিয়ে দিয়েছে। তাদের আগুন থেকে রেহাই পায়নি নানকরায় শিক্ষা প্রতিষ্ঠানের গাড়ি ও জামায়াত অফিসের পাশে মুদি দোকান। জনসমর্থন না থাকায় তারা জ্বালাও পোড়াও করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। চৌদ্দগ্রামের জনতা তাদের এ হীন উদ্দেশ্য বাস্তবায়ন হতে দিবে না, ইনশাআল্লাহ। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘রোববার রাতে জামায়াতের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। একই সাথে ওই বাজারে অবস্থিত আমাদের পার্টি অফিসও ভাংচুর করে। চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ গুলজার আলম বলেন, ধনিজকরায় জামায়াত-বিএনপির সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত