প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
লালমাইয়ে মরিয়মকে অবুঝ দুই সন্তানসহ ঘরছাড়া করলেন শ্বশুর-ভাসুরা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দক্ষিণ জয়কামতা (মান্দারি) গ্রামের মিয়াজী বাড়ির এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মোঃ মাজহারুল ইসলামের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার রুমা (২৬) অভিযোগ করেছেন, তাঁর শ্বশুর, ভাসুর ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে তাঁর দুই অবুঝ সন্তানসহ মারধর করে ঘর থেকে জোরপূর্বক বের করে দিয়েছেন এবং ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন। ভুক্তভোগী মরিয়ম জানান, ২০১৫ সালের ৮ আগস্ট তাঁর সঙ্গে মোঃ মাজহারুল ইসলামের পারিবারিকভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। ২০২০ সালে তাঁর স্বামী জীবিকার তাগিদে সৌদি আরব যান এবং ২০২১ সালের ১ আগস্ট সেখানে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর খবর তিনি তিন দিন পর জানতে পারেন। মরিয়মের অভিযোগ, তাঁর অজান্তে শ্বশুর মোঃ আবদুল মালেক (৮০), শাশুড়ি আনোয়ারা বেগম (৬৫), ভাসুর আশিকুর রহমান মনির (৪৭) ও ভাসুরের স্ত্রী বৃষ্টি আক্তার (৩৫) মিলে সৌদি কোম্পানি থেকে প্রাপ্ত ১৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সর্দার ও গ্রামবাসীদের উপস্থিতিতে একটি সমঝোতা হয়, যেখানে সিদ্ধান্ত হয় শ্বশুর-শাশুড়ি ৪ লাখ টাকা, মরিয়ম ২ লাখ টাকা, কন্যা মুনতাহার নামে ৪ লাখ এবং পুত্র আবদুল্লাহর নামে ৫ লাখ টাকা ডিপোজিট করবেন। কিন্তু পরবর্তীতে শ্বশুর উক্ত সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান এবং মরিয়মকে তাঁর দুই অবুঝ সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন। মরিয়ম আরও জানান, সৌদি কোম্পানি তাঁর নামে ১৫ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছে, যা তিনি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি কিনে সংরক্ষণ করেছেন। এ ঘটনায় মরিয়ম আক্তার রুমা বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে শ্বশুর, ভাসুর, শাশুড়ি ও ভাসুরের স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে, শাশুড়ি আনোয়ারা বেগমও মরিয়মকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন। বর্তমানে উভয় মামলাই তদন্তাধীন রয়েছে। মরিয়ম আক্তার রুমা কাঁদতে কাঁদতে বলেন, “আমি আমার দুই অবুঝ সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় আছি। আমি আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে অনুরোধ করছি আমার ও আমার সন্তানদের থাকার ব্যবস্থা করে দিন। সেই সঙ্গে আমার স্বামীর মৃত্যুর পর প্রাপ্ত ১৫ লাখ ৯০ হাজার টাকা আমার সন্তানদের নামে ডিপোজিট এবং তাঁদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত